জলবায়ু রক্ষার শপথ বিজ্ঞান জাদুঘরে
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে একদল শিশু কিশোর আজ রোববার উপস্থিত হয়ে জলবায়ু রক্ষার শপথ নিয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকের নেতৃত্বে হাত তুলে তারা এক বাক্যে উচ্চারণ করে, “কার্বন কমাতে হবে, গাড়ির ব্যবহার কমাতে হবে, সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, ভোগবিলাস অপচয় হ্রাস করতে হবে, সাইকেলে চড়তে হবে, সবুজ রক্ষা করতে হবে এবং এভাবে পৃথিবীকে বাঁচাতে হবে।”
তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে এবং গ্লাসগো’তে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের বিষয়ে গ্রেটা থানবার্গের মত সাহসী হতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
এর আগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে ‘কার্বন কমাও, জীবন বাঁচাও’ শীর্ষক শিরোনামে এক বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী হলেন, রিয়া আক্তার, তনিমা ইসলাম, মোঃ ইয়াসিন সরকার, ইফফাত হূমায়েরা, ফয়সাল মাহমুদ এবং শীমু আক্তার। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
একইদিনে জাদুঘরের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী কার্যক্রমে অংশ নেয় রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সেখানে নবীন বিজ্ঞানীদের কার্যক্রমের সঙ্গে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে উপভোগ করে মহাকাশের অলিগলি।